লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বামীর সঙ্গে বিরোধের জেরে পুলিশ ডেকে এনে ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা জানিয়ে অস্ত্র উদ্ধার করিয়েছেন এক নারী। সোমবার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি এলাকার আবুল হোসেন সর্দারের ঘর থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে স্থানীয় ফাঁড়ি পুলিশ।
জানা গেছে, আবুল হোসেন পেশায় একজন জেলে। ঘটনার সময় তিনি নদীতে মাছ ধরতে যাওয়ায় বাড়িতে ছিলেন না।
অভিযুক্ত আবুল হোসেনের স্ত্রী খালেদা আক্তার দাবি করেন, তার স্বামী আবুল হোসেন সর্দারই ঘর এসব অস্ত্র এনে রেখেছিলেন এবং তা দেখতে পেয়ে তিনি নিজেই পুলিশকে জানান।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী আবুল হোসেন সর্দারের সঙ্গে তার স্ত্রী খালেদা আক্তারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আবুল হোসেন নদীতে মাছ ধরতে গেলে খালেদা পুলিশকে ঘরে অস্ত্র থাকার বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে ধারালো অস্ত্রগুলো উদ্ধার করে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, স্বামীকে ফাঁসানোর জন্যই স্ত্রী এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। এ ঘটনার পর পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।