মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের প্রয়োজন হলে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা সরকার করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের যেকোনো জাতীয় দুর্যোগে চিকিৎসকরা সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। মাইলস্টোনের দুর্ঘটনার দিনও চিকিৎসকরা দ্রুত আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন। তিনি বলেন, “আহতদের কারও আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে তার সব ধরনের ব্যবস্থা করা হবে।”

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মানসিক দৃঢ়তা ও সাহস অনুপ্রেরণাদায়ক। একই সঙ্গে চিকিৎসকদের অভিজ্ঞতা ভবিষ্যতে যেকোনো জাতীয় দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভয়কে জয় করে তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জাতির জন্য অনুসরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ৩৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৮ জনই ছিলেন শিক্ষার্থী। দুর্ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও প্রাণ হারান। আহতদের অনেকেই এখনো চিকিৎসাধীন এবং স্বাভাবিক জীবনে পুরোপুরি ফিরতে পারেননি।