১১ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পিকেএসএফ-এর চুক্তি

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক বাস্তবায়নাধীন ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)’-এর আওতায় ১১টি ব্যাংক ও ১টি আর্থিক কোম্পানির সঙ্গে পিকেএসএফ-এর পৃথক বারোটি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো হলো— ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং দ্য ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (ইউবিকো)। এসব চুক্তির আওতায় ব্যাংক ও আর্থিক কোম্পানিগুলো পিকেএসএফ-এর বিভিন্ন সহযোগী সংস্থাসমূহকে তাদের ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন কার্যক্রমে চলতি ২০২৬–২৭ অর্থবছরে সর্বমোট ২,৮০০ কোটি টাকা গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।

অনুষ্ঠানে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, ‘দেশের স্বল্প আয়ের মানুষদের উদ্যোক্তায় রূপান্তরের যে উদ্যোগ পিকেএসএফ গ্রহণ করেছে, তার সফল বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করতেই এ স্কিম চালু করা হয়েছে। এ স্কিমের আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফ-এর সহযোগী সংস্থাগুলো তা ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করবে এবং ঋণের গ্যারান্টি প্রদান করবে পিকেএসএফ। পিকেএসএফ-এর নিবিড় তদারকির ফলে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্যাংকিং খাতের অর্থ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর ক্ষেত্রে পিকেএসএফ-এর সিইএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’   

রাজধানীর আগারগাঁওস্থ পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত এ অনুষ্ঠানে পিকেএসএফ-এর পক্ষে মুহম্মদ হাসান খালেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংকগুলোর পক্ষে স্ব স্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ চুক্তিতে স্বাক্ষর করেন। 

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে সিইএস-এর কার্যক্রম শুরু হয়। বাস্তবায়নের প্রথম বছরে পিকেএসএফ-এর সঙ্গে ১০টি ব্যাংক ও ১টি আর্থিক কোম্পানি চুক্তিবদ্ধ হয়। এর মধ্যে ৬টি ব্যাংক ও ১টি আর্থিক কোম্পানি ২৬টি সহযোগী সংস্থার ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন কার্যক্রমে মোট ১,০৮২ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।