জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দলীয় কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সততা, দক্ষতা ও আমানতদারিতার সর্বোচ্চ নজির স্থাপনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় অফিস স্টাফদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, একটি আদর্শিক সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় কেবল দাপ্তরিক কাজের জায়গা নয়, বরং এটি সংগঠনের শৃঙ্খলা ও সেবার প্রতিচ্ছবি। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তী হওয়ার পাশাপাশি দায়িত্ব পালনে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিটি কর্মীকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেওয়ার তাগিদ দেন তিনি।

আমীরে জামায়াত আরও বলেন, অফিসের প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ‘ইবাদতের মানসিকতা’ নিয়ে সম্পন্ন করতে হবে। নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি উপস্থিত সবাইকে নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং চারিত্রিক মান উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় অফিস কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আ. ফ. ম. আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বক্তারা সংগঠনের অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।