ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

ইরানে টানা ১১তম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২২ জুলাই) ভোরে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে পাকিস্তারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি পুনরুদ্ধারের কূটনৈতিক প্রচেষ্টাও কার্যত অচল হয়ে পড়েছে। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ হামলায় বিমান রাখার হ্যাঙ্গার ও ড্রোন সংরক্ষণাগার লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা আরও জোরদারের ইঙ্গিত দিয়েছিলেন।

এর আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি পাকিস্তর সফর করে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। যুদ্ধবিরতি কার্যকর করতে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালালেও নতুন কোনো সমঝোতার ইঙ্গিত মেলেনি। বর্তমানে সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী।

মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে বৈঠকে বসার বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘কোনো আগ্রহ নেই’। তিনি আরও ইঙ্গিত দেন, ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকায়ও হামলা চালানো হতে পারে।

এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের পাশাপাশি বুশেহর, পূর্ব আজারবাইজান, হামাদান, হরমুজগান, খুজেস্তান এবং সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর আশপাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়।

এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালীতে একটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়, এতে জাহাজটির নাবিকরা সেটি ত্যাগ করতে বাধ্য হন। একই সঙ্গে বাহরাইন, জর্ডান ও কুয়েতেও হামলার খবর পাওয়া গেছে।

সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলারের ওপরে উঠে যায়। যুক্তরাষ্ট্রে সাধারণ মানের পেট্রোলের গড় দামও প্রতি গ্যালনে ৪ ডলারে পৌঁছেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরান যুদ্ধ শুরুর পর আহত মার্কিন সেনার সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। যদিও পেন্টাগনের সর্বশেষ আনুষ্ঠানিক হিসাবে আহতের সংখ্যা ৪৮২।

এদিকে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যমের দাবি, তাদের সতর্কবার্তার পর ছয়টি জাহাজ রুট পরিবর্তন করেছে। যদিও এ দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

অন্যদিকে ব্রিটিশ ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। হামলার দায় স্বীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে চলাচলকারী আটটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং একটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে।

সূত্র: এপি