কুয়েতের ভূখণ্ডে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে নতুন দফায় বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। বুধবার (২২ জুলাই) ইরানি আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে পশ্চিম কুয়েতে অবস্থিত ক্যাম্প দোহায় মার্কিন সেনাবাহিনীর গোলাবারুদের ডিপো এবং ল্যান্ড ফোর্সেস কমান্ড সেন্টারের লজিস্টিক সরঞ্জাম লক্ষ্য করে প্রচুর সংখ্যক প্রাণঘাতী অ্যাটাক ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলার ফলে আমেরিকান ঘাঁটির বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইরান কেন্দ্রিক মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরম আকার ধারণ করে। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুটি দেশ শান্তি সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও গত সপ্তাহে কৌশলগত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে পুনরায় রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি