ফিফা সভাপতিকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প

বিশ্বকাপ ফুটবল আয়োজনের পর জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সুইজারল্যান্ডে জন্মগ্রহণকারী ৫৬ বছর বয়সী ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ আয়োজনের প্রক্রিয়ায় ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং গত ডিসেম্বরে ট্রাম্পকে ফিফার উদ্বোধনী শান্তি পুরস্কার প্রদান করেন। ট্রাম্প মনে করেন যে ইনফান্তিনো বিশ্বজুড়ে সবার কাছে গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং মানুষকে একত্রিত করার বিশেষ ক্ষমতা তার রয়েছে।

চলতি বছরের ডিসেম্বরে পর্তুগালের আন্তোনিও গুতেরেস অবসরে যাওয়ার পর নতুন জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হবেন। পদটি পেতে হলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সমর্থন অর্জন করতে হবে, যেখানে পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে এবং পরবর্তীতে সাধারণ পরিষদে তা অনুমোদিত হতে হবে।

জাতিসংঘের এই শীর্ষ পদের জন্য লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলের প্রার্থীকে প্রাধান্য দেওয়ার প্রথা থাকলেও ট্রাম্পের প্রস্তাব সেই সমীকরণ বদলে দিতে পারে। অন্য প্রতিযোগীদের মধ্যে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি আলোচনায় থাকলেও ট্রাম্প ইনফান্তিনোর নাম সামনে নিয়ে আসছেন।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট