খুলনায় পুলিশ অজ্ঞাত এক যুবকের (২৮) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা আসিফ সড়কের মাথায় বিলের কাছে বিদ্যুতের খুঁটির নিচে থাকা একটি টিনের পরিত্যক্ত ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার।
বটিয়াঘাটা থানার ওসি মো. মারুফ হোসেন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
ওসি মারুফ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেঁতুলতলা আসিফ সড়কের মাথায় বিলের কাছে বিদ্যুতের খুঁটির নিচে থাকা একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্যান্ট-শার্ট পরিহিত নিহত যুবকের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। তার আনুমানিক বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকা মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের আখড়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ নিহত যুবকের পরিচয় শনাক্তসহ বিস্তারিত জানার চেষ্টা করছে।