রাজধানীর পুরান ঢাকার ব্যস্ত এলাকা ধোলাইখালে সম্প্রতি সংস্কার শেষ হওয়া একটি সড়কের অংশ ধসে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। ওয়াসার পুরোনো পানির পাইপে লিকেজের কারণে মাটির নিচে ফাঁপা জায়গা তৈরি হওয়ায় এ ধসের ঘটনা ঘটে। এটি গত ১২ জুলাই ঘটলেও এখনো সড়ক মেরামত ও যান চলাচল স্বাভাবিক হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত অংশে মেরামত কাজ শুরু হয়েছে এবং কাজ শেষে সড়কে যান চলাচলের উপযোগী করতে আরো কিছু দিন সময় লাগবে।
গত ১২ জুলাই নারিন্দা মোড়সংলগ্ন রায়সাহেব বাজার থেকে মুরগিটোলামুখী সড়কের আইল্যান্ড ঘেঁষা একটি অংশ দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে ধসে যাওয়া অংশে ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে সড়কের এক পাশের কিছু অংশ দিয়ে যান চলাচল করছে। তবে অন্য পাশ বন্ধ রয়েছে। ব্যস্ত এ সড়কে বাসসহ বড় গাড়ি চলাচল করায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, খুব ধীর গতিতে সংস্কার কাজ চলছে। পুরো সড়কই এখনো কাটা রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১২ জুলাই বিকালে টানা বৃষ্টির সময় হঠাৎ সড়কের মাঝামাঝি অংশ দেবে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে আনে এবং ধসে যাওয়া অংশ ঘিরে নিরাপত্তাব্যবস্থা নেয়। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, রবিবার বেলা ৩টার দিকে হঠাৎ রাস্তার আইল্যান্ডের পাশের অংশ নিচে দেবে যায়। কাছে গিয়ে দেখি বড় একটি গর্ত তৈরি হয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার পর সোমবার ডিএসসিসির প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মেরামত কাজ শুরু করেন।
সংস্কার কাজের দায়িত্বে থাকা ডিএসসিসির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. তারেক হোসেন বলেন, সড়কের নিচের মাটি সরে যাওয়ায় ধসের সৃষ্টি হয়েছে। ওয়াসার ২০ থেকে ৩০ বছর পুরোনো পানির পাইপে দীর্ঘদিনের লিকেজের কারণে মাটি ক্ষয় হয়ে নিচে ফাঁপা জায়গা তৈরি হয়েছিল। একপর্যায়ে সেটিই ধসের কারণ হয়েছে। কংক্রিটের কিউরিংসহ পুরো কাজ শেষ করে সড়কে সম্পূর্ণ যান চলাচলের উপযোগী করতে আরো কিছুদিন সময় লাগবে। জনদুর্ভোগ কমাতে সড়কের কিছু অংশ চালু রাখা হয়েছে।