চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির পণ্য সংরক্ষণের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুর নেভাতে গিয়ে নয়ন (১৮) নামের এক এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ইউনিয়ন পরিষদ ভবনের পাশে অবস্থিত টিসিবির গুদামে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। নিহত নয়ন উপজেলার হাটবাকইল এলাকার আব্বাস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে নয়নও শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তীব্র তাপ ও ধোঁয়ার মধ্যে তিনি ভেতরে পড়ে যান। সঙ্গে থাকা অন্যরা দ্রুত বের হয়ে আসতে পারলেও নয়ন আর বের করতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গুদামের ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করেন।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নেভানোর পর তল্লাশি চালিয়ে ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।


ওসি সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন নেভাতে গিয়ে নয়নের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।