চুয়াডাঙ্গার দামুড়হুদা দর্শনা সীমান্তে পাঁচজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে কড়া প্রতিবাদ জানিয়ে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বিএসএফ পাঁচজনকে পুশইনের চেষ্টা করে। তাদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ এবং পাঁচ বছর বয়সী একটি শিশুর রয়েছে বলে জানা গেছে।
বিজিবির নির্ভরযোগ্য সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে বিজিবির কাছে খবর আসে কিছু বাংলা ভাষাভাষির লোকজনকে ভারতীয় সীমান্ত থেকে পুশইন করা হতে পারে। এই খবরের ভিত্তিতে ওই সীমান্তে টহল জোরদার করে বিজিবি। এ সময় ভোর ৪টার দিকে বিএসএফ’র-৩২ ব্যাটালিয়নের টহলদল পাঁচজনকে দর্শনা সীমান্তের ৭৬/৪ এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবি টের পেয়ে সঙ্গে সঙ্গে কড়া প্রতিবাদ করে ও তাদেরকে আবারও ভারতের গেদে সীমান্তবর্তী ক্যাম্পের দিকে পাঠিয়ে দেয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন -৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবিব হাসান জানান, বিএসএফ পাঁচজনকে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু টের পেয়ে বিজিবি তা প্রতিহত করেছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষা নিশ্চিতে সীমান্তজুড়ে বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।