ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর ডাকা প্রতিবাদ সমাবেশে যোগ দিতে যাওয়া শিক্ষার্থীদের পথ আটকে দিয়েছে দিল্লি পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অটোরিকশা করে যন্তর মন্তরের দিকে রওনা দেওয়া একদল শিক্ষার্থীকে কর্মসূচিস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে থামিয়ে দেওয়া হয়। পুলিশ তাদের আর সামনে এগোতে দেয়নি।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা কোনো ধরনের অশান্তি না করে স্বাভাবিকভাবে অটোয় চড়ে বিক্ষোভে যাচ্ছিলেন। কিন্তু মাঝপথেই পুলিশ তাদের আটকে দেয়।
পুলিশের দাবি, এলাকায় বিএনএসএস-এর আওতায় ১৪৪ ধারা জারি থাকায় নিরাপত্তার কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতেই শিক্ষার্থীদের যাওয়া আটকানো হয় বলে জানিয়েছে পুলিশ।
প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে সিজেপি ও একাধিক ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভস্থলে বড় ধরনের জমায়েত ঠেকাতে দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে পুলিশ।
সূত্র: দ্য হিন্দু