ইরাকের প্রধানমন্ত্রী আল-জাইদির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো একটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।
শুক্রবার (২৪ জুলাই) দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাতে এই ব্যর্থ মধ্যস্থতার তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরান সফরে যান ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জ্যেষ্ঠ সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করে ট্রাম্পের প্রস্তাবটি হস্তান্তর করেন।
ইরানি কর্মকর্তারা জানান যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের বিষয়টি সমাধান না করে কেবল একটি সাময়িক প্রস্তাব গ্রহণে তাদের সরকার আগ্রহী নয়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টিভিতে জানান যে মূল সমস্যা বার্তা আদান-প্রদান নয়, বরং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিই অযৌক্তিক ও নিয়ন্ত্রণকামী।
পরিস্থিতি আরও জটিল রূপ নিলে ইরান সংঘাত আঞ্চলিকভাবে বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে বলে দুই ইরানি কর্মকর্তা জানিয়েছেন। ট্রাম্প তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালালে পাল্টা ব্যবস্থা হিসেবে তেল আবিবে হামলা চালানো এবং হুথি মিত্রদের মাধ্যমে লোহিত সাগরের বাব এল-মানদাব প্রণালি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে তেহরান।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস