পাবনায় আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পাবনার চাটমোহরে ককটেল বিস্ফোরণ, সরকারবিরোধী স্লোগান ও নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পূর্ব টিয়ারতলা গ্রামের বাসিন্দা মো. মজর আলী চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মূলগ্রাম ইউনিয়নের কায়েমখোলা মোড়ে আতার আলীর চায়ের দোকানে বসে ছিলেন বাদী মজর আলী। এ সময় মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে করে একদল ব্যক্তি সেখানে এসে ‘জয় বাংলা’সহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। বাদী ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে তারা প্রাণনাশের আশঙ্কায় পড়েন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের বিস্ফোরিত অংশ, চারটি বাজারের ব্যাগে রাখা আনুমানিক ৮ থেকে ১০ কেজি ইটের খোয়া এবং ১০ থেকে ১২টি বাঁশের লাঠি জব্দ করে।

মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বজপাড়া গ্রামের হেলাল উদ্দিন, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মকবুল হোসেন, মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেউতিগাছা গ্রামের সাহেব আলী মাস্টার, আওয়ামী লীগ নেতা জগতলা গ্রামের শরিফুল্লাহ সাচ্চু, পৌর সদরের নারিকেলপাড়া মহল্লার ওয়াহেদুল ইসলাম বকুলসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।