বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় উঠে আসে নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড। ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই তারকা ফুটবলার। তবে সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর ছুটিতে যান নেইমার। অবকাশ যাপনের সেই সময়েই তিনি ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নেন। এরপর থেকেই প্রশ্ন ওঠে, ফুটবলের পাশাপাশি তিনি পোকারকেও কি সমান গুরুত্ব দিচ্ছেন, নাকি ভবিষ্যতে এটিকেই পেশা হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা করছেন।
বিতর্ক আরও বাড়ে যখন প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও পোকার টেবিলে দেখা যায় তাকে। একই সময়ে কোপা সুদামেরিকানায় মাঠে খেলছিল তার ক্লাব সান্তোস। অধিনায়ক হয়েও দলের সঙ্গে না থেকে পোকার খেলায় অংশ নেওয়ায় অনেকেই তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন।
সান্তোসের প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে নেইমার পাল্টা জবাব দিয়ে বরণন ‘আমি এখানে দ্বিতীয় অনুশীলন সেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এবং আমার মনে পড়ল যে ছুটির দিনে আমার পোকার খেলা নিয়ে অনেকেই কথা বলেছিল।’
সমালোচকদের উদ্দেশে নেইমার বলেন, ‘অথচ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার ছুটির দিনে পোকার খেলা। আমি সকালে অনুশীলন করেছি, পরে আবার ট্রেনিংয়ে ফিরেছি। ছুটির দিন কীভাবে কাটাবো, সেটি আমার নিজস্ব বিষয়। তাই অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা না করে সবাইকে নিজেদের কাজেই মনোযোগ দেওয়া উচিৎ।’
পোকারের প্রতি নেইমারের আগ্রহ নতুন নয়। বহু বছর ধরেই তিনি এই খেলার সঙ্গে যুক্ত। ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের আগের আসরেও অংশ নিয়ে ৩৪৬ জন প্রতিযোগীর মধ্যে ২৯তম স্থান অর্জন করেছিলেন তিনি।
এদিকে মাঠেও ফেরার প্রস্তুতি সম্পন্ন করেছেন ব্রাজিলের এই তারকা। সান্তোসের কোচ জানিয়েছেন, ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে রোববার শাপেকোয়েনসের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন দলের অধিনায়ক নেইমার। সমালোচনার মাঝেও ফুটবলে নিজের মনোযোগ যে অটুট রয়েছে, সেটিই স্পষ্ট করতে চাইছেন তিনি।