টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর স্বর্ণের দামে বড় পতন

টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে তিন হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। 

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম কমে প্রতি ভরি হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।