এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী এক বছরের মধ্যে সব তদন্ত শেষ করার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে তিনি দ্রুত বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ের প্রেস কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টে শহীদ, আহত এবং পঙ্গুত্ববরণকারীদের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোকে ট্রাইব্যুনাল সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। যেকোনো মূল্যে নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত সম্পন্ন করার চেষ্টা চলছে। আমরা আশা করছি যে, আগামী এক বছরের মধ্যে জুলাই সম্পর্কিত মানবতাবিরোধী অপরাধের সব মামলার তদন্ত শেষ করবো। একইসঙ্গে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে। 

মো. আমিনুল ইসলাম বলেন, আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করছি। তদন্ত কর্মকর্তারা নির্ধারিত সময়সীমার মধ্যে সব তথ্য-প্রমাণ সংগ্রহ, সাক্ষ্য গ্রহণ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছেন।

তিনি আরও বলেন, তদন্তের ক্ষেত্রে রাজনৈতিক বা বাইরের কোনো প্রভাব যাতে না পড়ে, সে বিষয়ে প্রসিকিউশন সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে।

এদিকে, একই দিনে জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল।

এ সময় স্মারকলিপি গ্রহণ করে মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর অগ্রগতি তুলে ধরেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একই সঙ্গে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত সব অপরাধের বিচার নিয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন তিনি।