সীমান্তে বিএসএফ সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা, জওয়ানের গুলিতে দুই সহকর্মী নিহত

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্বরত দুই সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান আরেক সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন জওয়ান গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বৈষ্ণবনগরে বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর রয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুই ব্যাটালিয়নের কয়েকজন জওয়ানের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম মিশ্র সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ উঠেছে।

এতে ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ান-অজয় কুমার সিং (৫১) ও আম্বদর সুরেশ দরগু (৩৭)-নিহত হন। আহত হন একই ব্যাটালিয়নের সদস্য বিকাশ ব্রহ্ম। গুরুতর অবস্থায় তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত অজয় কুমার সিং বিহারের ছাপরা জেলার বাসিন্দা। অন্য নিহত আম্বদর সুরেশ দরগুর বাড়ি মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায়। আহত বিকাশ ব্রহ্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, নিহত দুই জওয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে কী কারণে ওই জওয়ান সহকর্মীদের ওপর গুলি চালিয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ঐ সদস্য মানসিক অবসাদে ছিলেন।

খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ঘটনার পর অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে। স্থানীয় পুলিশ এবং বিএসএফ পৃথকভাবে ঘটনাটির তদন্ত করছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া