যুক্তরাজ্যে সাগরে ডুবে মা-মেয়েসহ ৩ ব্রিটিশ-বাংলাদেশির মৃত্যু

যুক্তরাজ্যের এসেক্সের একটি সৈকতে ঘুরতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে গিয়ে মা ও তার কিশোরী মেয়েসহ একই ব্রিটিশ-বাংলাদেশি পরিবারের তিন সদস্য মৃত্যুবরণ করেছেন।

নিহতরা হলেন যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২), তাদের ১৫ বছর বয়সী মেয়ে সামিয়া রহমান এবং সেলিনার বোনের ৯ বছর বয়সী ছেলে মুসা আহমেদ। মনসুর রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে।

নিহত মনসুরের ভাই শেখ মাহফুজুর রহমান মুন্না জানান যে বুধবার স্থানীয় বিকেলে এসেক্সের কোলচেস্টারের কাছে ওয়েস্ট মার্সিয়া সৈকতে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। উপকূলে হঠাৎ তীব্র জোয়ার এলে শিশু মুসা শক্তিশালী স্রোতে ভেসে যায়, আর তাকে বাঁচাতে গিয়ে সেলিনা ও তার মেয়ে সামিয়াও পানিতে ডুবে যান।

বাবার সঙ্গে মৃত মেয়ে সামিয়া।

ঘটনার পরপরই স্থানীয় পুলিশ, লাইফবোট কর্মী, কোস্টগার্ডের হেলিকপ্টার এবং এয়ার অ্যাম্বুলেন্স উদ্ধার অভিযান শুরু করে, তবে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। লাশ বাংলাদেশে এনে দাফন করা হবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে স্বজনদের সূত্রে জানা গেছে।