বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে কাতারের আমিরের উদ্দেশে প্রধানমন্ত্রীর লেখা একটি চিঠি হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময়ও করেন তারা।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী কাতারের আমিরের উদ্দেশে প্রধানমন্ত্রীর লেখা একটি চিঠি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিতে বাংলাদেশে কাতারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।