প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় ছুটির দিনেও রাজধানীতে তীব্র গ্যাস সংকট অব্যাহত রয়েছে। পর্যাপ্ত গ্যাস না থাকায় অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। অন্যদিকে, আবাসিক এলাকাগুলোতেও চুলা না জ্বলায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকেই রাজধানীর খোলা থাকা সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পর্যাপ্ত গ্যাসের আশায় অনেক চালক মধ্যরাত থেকেই লাইনে অপেক্ষা করলেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাননি অনেকে।
চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন ফিলিং স্টেশন পরিচালনাকারীরাও। গ্যাসের অভাবে অধিকাংশ সিএনজি স্টেশন কার্যত বন্ধ রয়েছে।
এদিকে একই সংকটের প্রভাব পড়েছে আবাসিক এলাকাতেও। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকায় অনেক বাসাবাড়িতে রান্না করা সম্ভব হচ্ছে না। এতে ছুটির দিনেও ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
তবে জাতীয় গ্রিডে সৃষ্ট কারিগরি ত্রুটি দ্রুত মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, ত্রুটি দ্রুত সমাধান হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং সংকট কেটে যাবে।