বাজার থেকে ফেরার পথে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩ সেলাই

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনিকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে কাদেরাবাদ হাউজিং-এর মেইন রোডে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তার পিঠে ৪৩টি সেলাই দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত পুলিশ কর্মকর্তার পিঠে অন্তত ৪৩টি সেলাই লেগেছে। তার পুরো পিঠ জুড়েই ক্ষত তৈরি হয়েছে। 

থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে মোহাম্মদপুর থানার এসআই মো. ফেরদৌস ঘটনাস্থলে যান। সেখান থেকে তিনি ওসমান গনিকে হাসপাতালে নিয়ে যান। 

এর আগে, গত ২২ জুলাই সকালে অজ্ঞাতনামা ৩ ব্যক্তি ওসমান গনির বাসার সামনে এসে তার সঙ্গে দেখা করেন ও পাসপোর্টের বিষয়ে কথা বলেন। গতকালের হামলার সঙ্গে এই তিন ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি।  
 
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর জোন) সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলছেন, এটি ছিনতাইয়ের ‘ঘটনা নয়’। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে এটি পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। আমরা জড়িত হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আহত ওই পুলিশের বরাত দিয়ে এসি মামুন আরও বলেন, প্রত্যক্ষদর্শী ও থানার একাধিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ছুরিকাঘাতের পর আহত পুলিশ সদস্য হামলাকারীকে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেননি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবউজ্জামান তালুকদার বলেন,  প্রাথমিকভাবে করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ আটক নেই। এ বিষয়ে আমরা তদন্ত করছি। আটক করতে অভিযান চলছে।