৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের

বিরোধীদলীয় চিপ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাওড়ে ছয় মাস পানি থাকে ছয় মাস শুকনো থাকে। মানুষ ধান চাষ করে। এখানে আগাম বন্যায় ফসলের ক্ষতি হয়েছে। ভারতের পানি এসে ফসল নষ্ট করে দেয়। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমার মনে হয় সংসদের তিনশো’ এমপি এসে দেখে যাওয়া দরকার যে হাওড়ের মানুষ কত কষ্ট করে।

শুক্রবার বিকাল ৫টায় নেত্রকোনার খালিয়াজুরীতে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে এ পথসভার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, নেত্রকোনার হাওড়ের পথঘাটের অবস্থা খুবই খারাপ। আমরা জেলা শহর থেকে এখানে আসতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে। যোগাযোগ অবস্থা খুবই খারাপ। এখানে সরকারের দেওয়া সব সুবিধা নেই। এখানকার মায়েরা অসুস্থ হয়ে গেলে পথেই মারা যান। কেউ জেলা শহরে গিয়ে ভালো স্কুলে পড়তে চাইলে সম্ভব হবে না। এই এলাকার মানুষের সমস্যা কেউ দেখে না। সরকার হাওড়ে মাছ ধরতে নিষেধ করেছে; কিন্তু আপনাদের কোনো প্রণোদনা দেয়নি। মানুষ কিভাবে চলবে, সেই বিষয়ে সরকার ব্যবস্থা করে দিচ্ছে না। 

নাহিদ ইসলাম বলেন, আমরা চাইব, সরকার যেন হাওড়াঞ্চলের অবহেলিত মানুষের জন্য বিশেষ বরাদ্দ রাখে, বিশেষ পরিকল্পনা রাখে। এই হাওড়কে বিশেষভাবে গড়ে তুলতে এখানে পর্যটন গড়ে তোলা সম্ভব। এখানে ব্রডব্যান্ড নাই, ডিশ নাই, কিছুই নাই। হাওড়ে বিকল্প কর্মসংস্থান গড়ে তুলতে হবে। আমরা চাই এই এলাকার জনপ্রতিনিধি হাওড়ের সমস্যার কথা সংসদে তুলে ধরবেন।

নাহিদ বলেন, আমরা চেয়েছিলাম পুলিশের জন্য একটা স্বাধীন পুলিশ কমিশন গড়ে তুলবে। তা কিন্তু করা হয়নি। আপনারা হ্যাঁ-না ভোট দিয়েছিলেন! কিন্তু এই সরকার গণভোটকে অস্বীকার করল। আপনারা জুলাই চেতনাকে কাজে লাগিয়ে ক্ষমতায় গেলেন। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করলেন না। এটা হতে পারে না।

খালিয়াজুরিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য সচিব ও উপজেলা কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমানের সভাপতিত্বে ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচির পথসভায় বক্তব্য দেন- এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সচিব সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রাহমান খান পাঠান, জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক জামিল ফয়েজী ও সাংগঠনিক সম্পাদক মিনহাজ সোহেলসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।