ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর ফুটবল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তেই অনড় রয়েছেন পেপ গার্দিওলা। এ কারণে ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন স্প্যানিশ এই কোচ। ইতালির গ্যাজেত্তা দেল্লো স্পোর্ত ও ব্রিটেনের বিবিসিসহ একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
টানা এক দশক ম্যানচেস্টার সিটির দায়িত্বে ছিলেন গার্দিওলা। গত মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে তার অধ্যায়ের ইতি ঘটে। ইতিহাদে থাকাকালে সম্ভাব্য প্রায় সব বড় শিরোপাই জিতেছেন তিনি। তার অধীনে সিটির ট্রফি কেসে যোগ হয়েছে ২০টি শিরোপা।
দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে ইতিহাদ ছাড়ার সময় গার্দিওলা বলেছিলেন, আপাতত খেলা থেকে দূরে থেকে নিজের মতো সময় কাটাতে চান।
তবে টানা তিনটি বিশ্বকাপে জায়গা পেতে ব্যর্থ ইতালি সম্প্রতি তাকে কোচ হিসেবে পেতে বেশ আগ্রহী হয়ে ওঠে।
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জোভান্নি মালাগো সম্প্রতি জানিয়েছিলেন, গার্দিওলার সঙ্গে তাদের আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। গুঞ্জন আছে, ইতালিয়ান ফুটবলের শীর্ষ কর্তারা গার্দিওলাকে পেতে বেশ মরিয়া ছিলেন।
ইতালিয়ান সংবাদমাধ্যম খবর দিয়েছিল, এফআইজিসি নাকি কার্যত ‘ব্ল্যাঙ্ক চেক’ দিতে রাজি ছিল গার্দিওলাকে। এমনকি ইতালিয়ান ফুটবলের পুরো কাঠামো পুনর্গঠন করার পূর্ণ স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু কিছু সময় ভেবেচিন্তে চূড়ান্তভাবে ‘না’ বলে দিয়েছেন গার্দিওলা। ফুটবলের কোনো ঝুটঝামেলায় না গিয়ে তিনি এখন পরিবারকে সময় দিতে চান, ভ্রমণ করতে চান এবং নিজের শরীর-মন চাঙা করতে পূর্ণ বিশ্রাম নিতে চান।
এফআইজিসির পরিচালক পাওলো মালদিনি জানিয়েছেন, গার্দিওলার আগে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ ও বর্তমানে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকা কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। কিন্তু ব্রাজিল ডাগআউটেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি। এরপরই গার্দিওলার দিকে ঝুঁকেছিল ইতালি।
সব মিলিয়ে সামনের উয়েফা নেশনস লিগ এবং ইউরো ২০২৮-এর বাছাই পর্বের জন্য ইতালি এখন নতুন কোচের সন্ধানে। নেশনস লিগে ফ্রান্স, বেলজিয়াম ও তুরস্কের মতো দলগুলোর মুখোমুখি হবে আজ্জুরিরা। বিবিসি জানিয়েছে, ইতালির নতুন কোচ হওয়ার দৌড়ে আপাতত সবার সামনে আছেন দেশটির সাবেক প্লে-মেকার আন্দ্রেয়া পিরলো। দুবাইভিত্তিক ক্লাব ইউনাইটেড এফসির দায়িত্বে থাকা পিরলোকেই হয়তো শেষ পর্যন্ত ইতালির নতুন কান্ডারি হিসেবে দেখা যেতে পারে।