প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রুকন হলো সিজদা। রুকুর পর জমিনে উপুড় হয়ে দুই হাঁটু, কপাল, নাক ও দুই হাতের তালু মাটিতে ঠেকিয়ে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করাই হলো সিজদা। এর মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার সর্বোচ্চ আনুগত্য ও বিনয় প্রকাশ পায়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দা যখন সিজদায় থাকে, তখন সে তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। অতএব, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো।’ (সহিহ মুসলিম: ৪৮২)
নবিজি (সা.) সিজদায় নাক জমিনে লাগিয়ে রাখতেন। আবু হুমাইদ সায়েদি (রা.) বলেন, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন সিজদা করতেন তখন তিনি নাক ও কপাল উভয়টি জমিনে লাগিয়ে রাখতেন। (সুনানে তিরিমিজি, সুনানে আবু দাউদ)
আরেকটি হাদিসে নবিজি (সা.) সাতটি অঙ্গের ওপর সিজদা করার কথা বলেছেন। সেখানে চেহারার কথা বলতে গিয়ে কপাল ও নাকের দিকে ইশারা করেছেন। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন,
أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الْجَبْهَةِ وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ ـ وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، وَلاَ نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ
আমাকে সাতটি অঙ্গের ওপর সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কপাল, (এবং তিনি হাত দিয়ে নাকের দিকে ইশরা করে নাককেও এর অন্তর্ভুক্ত করেন,) আর দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের আঙ্গুলসমূহ। আর আমরা যেন চুল ও কাপড় না গুটাই। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
এ হাদিসে উল্লিখিত সাতটি অঙ্গ অর্থাৎ চেহারা, দুই হাত, দুই হাঁটু ও দুই পায়ের আঙ্গুল সিজদার সময় মাটিতে রাখা ওয়াজিব। অনেকের পা সিজদার সময় জমিন থেকে উঠে থাকে। সিজদায় অন্তত এক তাসবিহ পরিমাণ সময় উভয় পা জমিনে না রাখলে সিজদা হবে না। কেউ যদি তার দুই পা বা এক পা পুরো সিজদায় মাটি থেকে ওপরে উঠিয়ে রাখে, তাহলে তার সিজদার ফরজ আদায় হবে না।
সিজদা করার সঠিক নিয়ম
কপালের পাশাপাশি নাকও শক্তভাবে মাটিতে মিলিয়ে রাখা সুন্নতে মুআক্কাদাহ।
সিজদা নামাজের অন্যতম ফরজ বা রোকন। সিজদা যথাযথভাবে আদায় করা ছাড়া নামাজ হবে না। তাই সিজদা যথাযথভাবে আদায়ের প্রতি যত্নবান হওয়া আমাদের কর্তব্য।