দুই প্রেস কর্মকর্তা নিয়োগ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতে বাংলাদেশের মিশনে দুই জন প্রেস অফিসার নিয়োগ (দিল্লী প্রেস মিনিস্টার সাইদুর রহমান ও কলকতার প্রেস সচিব মারুফা আক্তার) দেওয়া হয়েছে, যাদের অতীতে ভারতবিরোধী কিছু পোস্ট দিতে দেখা গেছে। এ বিষয়ে ভারতের কোনও প্রতিক্রিয়া আছে কি না?

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, আমরা দেখেছি যে নতুন অফিসার নিয়োগ করা হয়েছে। আমাদের বিষয়টি জানানো হয়েছে এবং আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে এখানকার হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।

প্রসঙ্গত, সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়া সাংবাদিক সাইদুর রহমানের অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের খন্ডিত অংশ ব্যবহার করে কিছু অনলাইন এবং পত্রিকায় অপপ্রচার হচ্ছে বলে জানা গেছে।

ব্রিফিংয়ে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের আসন্ন ঢাকা সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কি না এবং এই সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে জয়সোয়াল জানান, এ বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, বিষয়টি নিয়ে পরে কথা বলবেন।