ককরোচ জনতা পার্টির (সিপিজি) আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি সেটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন।
পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান বলেন, নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম প্রকাশ্যে আসার পর সরকার দ্রুত কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) দিয়ে তদন্ত শুরু করে, পরীক্ষা বাতিল করে পুনঃপরীক্ষার আয়োজন করে এবং আগামী বছর থেকে কম্পিউটারভিত্তিক (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
তিনি দাবি করেন, ঘটনার শুরু থেকেই তিনি দায়িত্ব স্বীকার করেছেন এবং কখনো পরিস্থিতি এড়িয়ে যাননি। তার প্রধান লক্ষ্য ছিল, পরীক্ষা জালিয়াতি চক্রের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো পরীক্ষার্থীর প্রতি অন্যায় না ঘটে।
ধর্মেন্দ্র প্রধান জানান, ২০ লাখের বেশি শিক্ষার্থীর পুনঃপরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র ও রাজ্য সরকার, জেলা প্রশাসন, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, ১৬ জুলাই প্রকাশিত পুনঃপরীক্ষার ফলাফলে দরিদ্র ও প্রান্তিক পরিবারের অনেক শিক্ষার্থীর সাফল্য তাকে সন্তুষ্ট করেছে।
তবে পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, দায়িত্বশীল কিছু ব্যক্তি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং বিভিন্নভাবে পরিস্থিতিকে জটিল করে তুলেছেন, যা তাকে গভীরভাবে মর্মাহত করেছে।
তিনি লেখেন, ‘গত ১০ দিনের ঘটনাপ্রবাহ আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এটি শুধু আমার ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়।’
ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, ভারতের যুবসমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ যেন কোনো দেশবিরোধী শক্তি নিতে না পারে, জাতীয় ঐক্য অক্ষুণ্ন থাকে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ আইনি জটিলতায় না পড়ে এবং তারা আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিতে পারে—এসব বিষয় বিবেচনায় নিয়েই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগপত্রের শেষাংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন্ত্রিসভার সহকর্মী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে তিনি বলেন, দেশসেবাই তার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ভবিষ্যতেও দেশের জনগণ ও বিশেষ করে যুবসমাজের কল্যাণে কাজ করে যাবেন।
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 25, 2026