উত্তরাঞ্চলের উন্নয়নমূলক কাজ না হওয়ায় পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বিগত হাসিনা সরকার তারা নিজেদের মতো ইতিহাস তৈরি করেছে। তারা সব ইতিহাস ভুলে গিয়ে ঈর্ষানিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছিল। আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে টেনে তোলার জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় পাঁচতারকা মোটেল মম ইন এ ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি। ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা দিয়েছে। দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল উত্তরাঞ্চলের পাঁচ জেলা বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা। এ অঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারটি আয়োজন করেছে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা।
বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এসেই আওয়ামী লীগ চেটেপুটে খেয়ে আরও বড় বৈষম্য তৈরি করেছে।
তিনি আরও বলেন, দেশে বিদ্যুৎ ঘাটতি দুর করতে আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সেই সঙ্গে পুরো দেশে সোলার প্যানেল ছড়িয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দুর্নীতি নেই, অর্থপাচার নেই, উন্নয়ন কেন হচ্ছে এটাই এখন কিছু মানুষের কাছে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চলের এই পাঁচটি জেলা দীর্ঘ ২০ বছর অবহেলার শিকার ছিল। এসব জেলার উন্নয়নে বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। পর্যায়ক্রমে এ অঞ্চলের সব উন্নয়ন চাহিদা পূরণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো দেশের সুষম উন্নয়ন করতে বদ্ধ পরিকর। তিনি এ অঞ্চলের উন্নয়নের জন্য মুখপাত্র হিসাবে কাজ করার জন্য প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকুকে অনুরোধ জানান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার সুষম উন্নয়ন করতে চায়।
সেমিনারে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ বগুড়ার অন্যান্য সংসদীয় আসনের এমপি এবং নওগাঁ-৪, ৫, ৬ আসনের সংসদ সদস্য, গাইবান্ধা-১ , ২, ৩ ও ৫ আসনের এমপি, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ ১ আসনের এমপি উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একে এম আহসানুল হক তৈয়ব জাকির এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।
ডা. মতিউর রহমানের ও সৈয়দ ফজলে রাব্বী ডলারের উপস্থাপনায় সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ জন স্বনামধন্য অধ্যাপক ও গবেষক অংশ নেন।
সেমিনারে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়া বিভাগ গঠনের দাবি জানান।
তাছাড়া বক্তারা বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলার কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই। একই সঙ্গে আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।