রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় থাকা সুধা সদন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কের ওই বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সুধা সদনের একটি পরিত্যক্ত কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম মো. শাকিল (২০)। তিনি রাজধানীর মোহাম্মদপুরের জিগাতলার শিবপুর টালি অফিস এলাকার বাসিন্দা।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সুধা সদন ছিল পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার বাসভবন। তার ডাকনাম ‘সুধা মিয়া’ হওয়ায় বাড়িটির নাম রাখা হয়েছিল ‘সুধা সদন’। পরবর্তী সময়ে এটি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কার্যালয় হিসেবেও ব্যবহৃত হতো।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধানমন্ডির ওই বাড়িতে একাধিক দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।