ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ভিউ পাওয়ার নতুন বিশ্বরেকর্ড গড়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে পোস্ট করা ৪০ সেকেন্ডের ভিডিওটি প্রথম ২৪ ঘণ্টায় ৩০ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে। বর্তমানে ভিডিওটির ভিউ প্রায় ৩৩ কোটিতে পৌঁছেছে।
এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কোটি ভিউয়ের রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডের একটি রিলের দখলে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্যদের সঙ্গে দেখা করার সেই ভিডিওটি ২৪ ঘণ্টায় ৩০ কোটি ভিউ পেয়েছিল।
রেকর্ড গড়া ভিডিওটি প্রকাশের পর মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ১০ লাখ নতুন অনুসারী যুক্ত হয়েছেন।
ভারতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাত ১১টা ৫২ মিনিটে ভিডিওটি পোস্ট করেন মোদি। সংক্ষিপ্ত সেলফি ভিডিওতে তিনি প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।
তিনি জানান, শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য ইতোমধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে দ্রুত বিচার আদালত এবং কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের কথাও জানান তিনি।
বিশ্লেষকদের মতে, আন্দোলনরত জেন-জি প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যেই মোদি ভিডিওটিতে অনানুষ্ঠানিক ও সহজ ভাষা ব্যবহার করেন। মধ্যরাতে ভিডিও প্রকাশের সময়টিও এমনভাবে নির্ধারণ করা হয়, যখন তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা বেশি থাকে।
রিলটির ব্যাপক সাড়া পাওয়ার ২৪ ঘণ্টা পর আবারও ইনস্টাগ্রামে হাজির হন নরেন্দ্র মোদি। মাত্র ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি যুবসমাজকে সমর্থন, ইতিবাচক মতামত ও গঠনমূলক পরামর্শের জন্য ধন্যবাদ জানান।
ভিডিওর শুরুতেই তিনি বলেন, “ধন্যবাদ বন্ধুরা।” এরপর তিনি বলেন, জনগণের মতামত নেতৃত্ব ও নাগরিকদের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় করে। সবার ভালোবাসা ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।