লালমনিরহাটের উন্নয়নে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে মাস্তুল ফাউন্ডেশন

দীর্ঘমেয়াদি উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দেশের উত্তরাঞ্চলের লালমনিরহাটেবহুমুখী সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করছে মাস্তুল ফাউন্ডেশন।  নিরাপদ পানির ব্যবস্থা, জীবিকা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সক্ষমতা বৃদ্ধিকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মাস্তুল ফাউন্ডেশন লালমনিরহাটের বিভিন্ন এলাকায় কমিউনিটি টিউবওয়েল স্থাপন করছে, যার মাধ্যমে নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত হচ্ছে। পাশাপাশি সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে আয়বর্ধক কার্যক্রম, ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা এবং জীবিকা উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিও পরিচালনা করছে ফাউন্ডেশন। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়িত এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্প্রতি মাস্তুল ফাউন্ডেশনের চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরিদর্শনকালে তিনি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন, স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং মাস্তুল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে চলমান কার্যক্রমে অংশগ্রহণ করেন।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, "মানুষের জন্য টেকসই পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, কেবল সাময়িক সহায়তা নয়; বরং মানুষের সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ পানির নিশ্চয়তা, পরিবেশ সংরক্ষণ এবং স্বাবলম্বিতা তৈরির মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। লালমনিরহাটে আমাদের প্রতিটি উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নেরই অংশ।"

মাস্তুল ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা আবু মোহাম্মদ কামরুজ্জামান বলেন, "লালমনিরহাটে চলমান উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষের সহযোগিতায় জেলার আরও বেশি মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।"

মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা। এক দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে— করোনা মহামারিতে মরদেহ দাফন সেবা, ২০২২, ২০২৪ ও ২০২৬ সালের বন্যায় ত্রাণ বিতরণ, দেশব্যাপী বৃক্ষরোপণ, “যাকাত স্বাবলম্বী” প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, টিউবওয়েল স্থাপন, মসজিদ পুনর্নির্মাণ এবং “মেহমানখানা” উদ্যোগে প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থানে বিনামূল্যে খাবার বিতরণ। এছাড়া তুরস্কের ভূমিকম্প, গাজা ও সুদানের মানবিক সংকটে আন্তর্জাতিক সহায়তা পৌঁছে দিয়েছে। ঢাকার হাজারীবাগে প্রতিষ্ঠানটি নিজস্ব মাদ্রাসা, সেল্টার হোম ও এতিমখানা পরিচালনা করছে। উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আইন অনুযায়ী, মাস্তুল ফাউন্ডেশনকে প্রদত্ত যেকোনো দান, যাকাত বা সাদাকা আয়করমুক্ত, যা দাতাদের জন্য আয়কর রেয়াত হিসেবে গণ্য হবে।