জুলাই গণঅভ্যুত্থানে উসকানি ও প্ররোচনা

ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে দেশের ২৭ জন সংস্কৃতিকর্মী, অভিনেতা, সাংবাদিক ও শিল্পীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস রোববার (২৬ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র জমা নেওয়ার পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন যে এসব বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনার পেছনে অভিযুক্ত এসব ব্যক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন, সমর্থন এবং উসকানি ছিল।

অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াস গণমাধ্যমকে জানান, গণঅভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর যখন নির্যাতন চালানো হচ্ছিল, তখন অভিযুক্তরা অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে উসকানি জুগিয়েছিলেন। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের পরও তারা জুলাই যোদ্ধাদের কটাক্ষ করে বিভিন্ন উসকানিমূলক স্ট্যাটাস, বক্তব্য ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এসব অভিযোগের একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্ত নিশ্চিত করার দাবি জানান তিনি।

রাষ্ট্রসংলাপ ফোরামের দাখিল করা অভিযোগে যে ২৭ জন সংস্কৃতিকর্মী, অভিনয়শিল্পী, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরের নাম রয়েছে তারা হলেন:

১. ফেরদৌস আহমেদ (চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য, ঢাকা-১০)

২. মেহের আফরোজ শাওন (অভিনেত্রী ও নির্মাতা)

৩. রিয়াজ আহমেদ (চিত্রনায়ক)

৪. অরুণা বিশ্বাস (অভিনেত্রী)

৫. শামীম আরা নিপা (নৃত্যশিল্পী)

৬. রোকেয়া প্রাচী (অভিনেত্রী ও নির্দেশক)

৭. মাহিয়া মাহি (চিত্রনায়িকা)

৮. নিপুন আক্তার (চিত্রনায়িকা)

৯. তানভীন সুইটি (অভিনেত্রী)

১০. হৃদি হক (নাট্যব্যক্তিত্ব)

১১. জ্যোতিকা জ্যোতি (অভিনেত্রী)

১২. সাজু খাদেম (অভিনেতা)

১৩. সোহানা সাবা (অভিনেত্রী)

১৪. পিয়া জান্নাতুল (মডেল ও আইনজীবী)

১৫. শামীমা তুষ্টি (অভিনেত্রী)

১৬. হিরো আলম (অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর)

১৭. আশনা হাবীব ভাবনা (অভিনেত্রী)

১৮. সাইমন সাদিক (চিত্রনায়ক)

১৯. সুজাতা আজিম (অভিনেত্রী)

২০. জায়েদ খান (চিত্রনায়ক)

২১. অজিজুল হাকিম (অভিনেতা)

২২. চন্দন রেজা (অভিনেতা)

২৩. আসাদুজ্জামান নূর (অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী)

২৪. মারিয়া কিশপট্টা (মডেল)

২৫. শান্তা ফারজানা

২৬. সোমা ইসলাম (উপস্থাপিকা, চ্যানেল আই)

২৭. আনিস আলমগীর (সাংবাদিক)