নারায়ণগঞ্জে একটি হত্যায় মামলায় অভিযুক্ত মো. রুবেল মিয়া (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে অভিযুক্তকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উত্তর পাঁচআনি এলাকার লিটন মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ২২ জানুয়ারি রূপগঞ্জের জাহাঙ্গীর এলাকায় রুবেল মিয়া তার পার্শ্ববর্তী বাসিন্দা সাফিয়া বেগম নামে একজন নারীকে হত্যা করে। ঘটনার দিন সাফিয়া বেগমের স্বামী মো. শাহজালাল ভূইয়া জুমার নামাজের উদ্দেশ্য মসজিদে গেলে ওই সময় রুবেল ঘরে প্রবেশ করে সাফিয়ার গলায় ছুরিকাঘাত করে তার গলায় থাকা স্বর্ণের চেইন এবং কানের দুল নিয়ে পালিয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাফিয়া বেগমের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত একমাত্র আসামি রুবেলকে শনাক্ত করে।