সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় দোকানের এক পাশের শাটার খোলার পর আরেক শাটার তুলতেই দোকানে থাকা টাকার ব্যাগ, মোবাইল ও ওষুধ নিয়ে দৌড়ে পালিয়েছে অচেনা ব্যক্তি। পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
রোববার (২৬ জুলাই) এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে শনিবার কেজির মোড়ে মার্কেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এনায়েতপুর কেজির মোড় এলাকায় আল-আরাফা নামে নিজ দোকান খুলছিলেন নাসিম হোসেন নামে এক ব্যক্তি। এসময় আগে থেকেই সেখানে অবস্থান করছিল ব্যাগ নিয়ে দৌড় দেওয়া অচেনা ব্যক্তিটি। ঘটনার পর মূলত আশপাশে থাকা সিসিটিভির ফুটেজে ধরা পড়ে চুরির দৃশ্য। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভুক্তভোগী ওই ব্যবসায়ী এবং সিসিটিভি ফুটেজ ও ছবিটির বিশ্লেষণ করে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে দোকানে এসে প্রথমে উত্তর পাশের শাটার তোলেন তিনি। এরপর সাথে ব্যাগে মধ্যে রাখা ৮০ হাজার টাকা, ১৪ হাজার টাকা মূল্যর একটি মোবাইল ফোন, ৩ হাজার টাকার ৩ প্যাকেট ওষুধ দোকানের সামনের টেবিলের ওপর রাখেন। এরপর তিনি পূর্ব পাশের শাটার খুলতে গেলে আগে থেকে অবস্থান নেওয়া ব্যক্তিটি ব্যাগটি নিয়ে দৌড়ে পালায়।
সর্বশেষ রোববার সকালে আশপাশের প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে চোরকে শনাক্ত করা হয়। তবে ভিডিওতে চোরের স্পষ্ট মুখ ভেসে উঠলেও তার এখনও তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ব্যবসায়ী নাসিম এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন। তিনি জানান, এটা আমার মূলধনের টাকা। চোরকে আটক করে লুণ্ঠিত টাকা মোবাইল ওষুধ ফিরে পেতে পুলিশ ও সবার সহযোগিতা প্রয়োজন।
এদিকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে খ্যাত এনায়েতপুর কেজির মোড়ে এমন ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা পুলিশের কাছে পালানো চোরকে আটকের দাবি জানিয়েছে।
এনায়েতপুর থানার ওসি মোহাম্মদ জাহিদ হোসেন জানান, আমরা বিষয়টি গুরুত্বের দেখে খতিয়ে দেখে ঘটনায় জড়িতকে আটকের চেষ্টা করছি।