বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী ইউরোপের বিভিন্ন দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ইতিমধ্যেই অনেক বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ বিকাশ কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে যোগাযোগ করছে বলেও জানান তিনি।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ নিয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা ব‌লেন তিনি।

দেশে বৈদেশিক বিনিয়োগ আনয়নের ক্ষেত্রে বিদ্যমান নানা জটিলতার বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ স্বীকার করেন যে, বাজারে নানা ধরণের প্রতিকূলতা রয়েছে। তিনি বলেন, দেশি-বিদেশি সাধারণ বিনিয়োগকারীদের যেমন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তেমনি বিদেশে অবস্থানরত যেসব প্রবাসী বাংলাদেশি নিজ দেশে বিনিয়োগ করতে চান, তাদেরও এক ধরনের সমস্যা আছে। বিএনপি সরকার একটি পঙ্গু অর্থনীতি পেয়েছে। গত ১৭ বছরে ব্যাংকিং খাত ও পুঁজিবাজার ধ্বংস করা হয়েছে।

তি‌নি ব‌লেন, পুরো সিস্টেমকে ধ্বংস করা হয়েছে, সেই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে অর্থনীতিকে আবার তুলে এনে একটি গতিশীল অর্থনীতিতে রূপান্তর করার জন্য যেসব নীতি বা পদক্ষেপ নেওয়া দরকার, সরকার এখন সেগুলোই নিচ্ছে।

বিনিয়োগের জন্য অগ্রাধিকার খাতগুলোর বিষয়ে প্রতিমন্ত্রী জানান, নতুন বিনিয়োগ আকর্ষণে জ্বালানি খাতকে সর্বাগ্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প, সার্বিক কৃষি খাত এবং কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্পের মতো সম্ভাবনাময় খাতগুলোতে বিদেশী বিনিয়োগ টানার ব্যাপক সুযোগ রয়েছে।  

তিনি আরও বলেন, সৃজনশীল অর্থনীতির বিকাশে কুটির শিল্প, প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোগ এবং দেশের শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত খাতগুলোতেও বিনিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে। এ ছাড়া খেলাধুলার ক্ষেত্রেও বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

ব্লু ইকোনমি প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, এটি বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার খাত। সমুদ্রসম্পদনির্ভর অর্থনীতির উন্নয়নে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চলছে। ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং এ খাতে বড় সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, চীন, জাপান ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আগ্রহী। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। বিনিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা নির্দিষ্ট কোনো সময় বা পরিস্থিতির ওপর নির্ভর করে না।