কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুসহ চারজনকে ফেরত পাঠালো বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা এক নারী ও তিন শিশুসহ চারজনকে সীমান্ত থেকেই ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।

৬০ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা ২০ মিনিটের দিকে চারজন বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে সালদানদী বিওপির নিয়মিত টহল দল সীমান্তের শূন্যরেখার কাছে তাদের শনাক্ত করে।

পরিস্থিতি মূল্যায়নের পর বিজিবির টহল দল তাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে এবং সীমান্ত থেকেই ফিরিয়ে দেয়।

বিজিবি জানিয়েছে, ঘটনাস্থলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকসহ অন্যান্য চোরাচালান রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।