তিন দিনের ব্যবধানে আবারও সুন্দরবনে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের

তিন দিনের ব্যবধানে আবারও পূর্ব সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে। এবার সুন্দরবনের একটি নদী সাঁতরে পার হতে দেখা গেছে বাঘটিকে। বনরক্ষীরা বিরল এ দৃশ্যের ভিডিওও ধারণ করেছেন।

রোববার (২৬ জুলাই) দুপুরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্ট এলাকার নদীতে টহলরত বনরক্ষীরা একটি রয়েল বেঙ্গল টাইগারকে সাঁতার কেটে নদীর অপর পাড়ে যেতে দেখেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, চাঁদপাই রেঞ্জের স্মার্ট টিম নিয়মিত টহলের সময় বাঘটিকে নদী সাঁতরে পার হতে দেখে। নদীর অপর পারে উঠে বাঘটি লাফিয়ে বনের ভেতরে চলে যায়। বনরক্ষীরা পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করেছেন।

এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রের কার্যালয় চত্বরে একটি বাঘিনী প্রায় ১৫ মিনিট অবস্থান করে। পরে সেটি আবার বনের ভেতরে চলে যায়।

ডিএফও বলেন, টহলের সময় সচরাচর বাঘের দেখা মেলে না। বর্তমানে সুন্দরবনে বনজীবী, পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা থাকায় বন অনেকটাই কোলাহলমুক্ত। ফলে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী স্বাভাবিকভাবে বিচরণ করছে।

তিনি আরও বলেন, বন বিভাগের কঠোর নজরদারির কারণে বন-সংক্রান্ত অপরাধ কমেছে। পাশাপাশি আগের তুলনায় সুন্দরবনে বাঘ ও হরিণের সংখ্যাও বেড়েছে।