দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই বড় হয়েছেন ইয়ান দিয়োমান্দে। ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করতে একসময় নিজ দেশ আইভরিকোস্টে ছেড়েছিলেন তিনি। সেই কঠিন সময়ে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
অর্থের অভাবে প্রিয় তারকা রোনালদোর নাম ও নম্বরসহ একটি আসল জার্সি কেনার সামর্থ্য ছিল না দিয়োমান্দের। তাই নিজের একটি সাধারণ জার্সির পেছনে হাতে লিখে নিয়েছিলেন ‘রোনালদো’ নাম এবং তার বিখ্যাত ৭ নম্বর।
সেই ছোট্ট দিয়োমান্দে এখন দাঁড়িয়ে আছেন রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমন তথ্যই জানিয়েছেন ফুটবলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর তথ্য অনুযায়ী, চলতি গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সাইনিং হতে পারেন দিয়োমান্দে। মাত্র দুই মৌসুমে প্রথমে লেগানেস এবং পরে আরবি লাইপজিগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কেড়েছেন এই তরুণ উইঙ্গার। গত মৌসুমে বুন্দেসলিগার অন্যতম সেরা পারফরমার হিসেবে তার নাম ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জানা গেছে, দিয়োমান্দেকে দলে ভেড়ানোর পরিকল্পনা রিয়াল মাদ্রিদের অনেক দিনের। তবে গত সপ্তাহে দুই ক্লাবের প্রতিনিধিদের সরাসরি বৈঠকের পর আলোচনা দ্রুত এগিয়ে যায়। এর আগেই খেলোয়াড়ের ব্যক্তিগত সম্মতি নিশ্চিত করে ফেলেছিল স্প্যানিশ জায়ান্টরা।
প্রতিবেদন অনুযায়ী, এই দলবদলে ট্রান্সফার ফি হতে পারে ১১৫ থেকে ১২০ মিলিয়ন ইউরোর মধ্যে। যদিও চুক্তি এখনও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি, তবে সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সেটি ঘোষণা হতে পারে।