ট্রাম্পদের হেলিকপ্টারে মাঠের ক্ষতি, ক্যাম্প বাতিল ব্রাইটনের

জি-৭ সম্মেলনের হেলিকপ্টার ওঠানামায় মাঠের ঘাস নষ্ট হওয়ায় ফ্রান্সে ব্রাইটনের প্রাক্‌-মৌসুম প্রস্তুতি ক্যাম্প বাতিল করা হয়েছে। প্রিমিয়ার লিগের ক্লাবটির অনুশীলন ভেন্যুটির বেহাল দশার কারণে নতুন মৌসুমের প্রস্তুতি পরিকল্পনা কিছুটা ব্যাহত হয়েছে।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাইটনের ২৩ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ফ্রান্সের এভিয়ান-লে-বাঁয়ের রয়্যাল রিসোর্টে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল। সুইজারল্যান্ড সীমান্তের কাছাকাছি অবস্থিত এ ভেন্যুতেই নতুন মৌসুমের প্রস্তুতি নেওয়ার কথা ছিল দলটির।

কিন্তু জুনের মাঝামাঝি অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সময় ওই মাঠগুলোকে সাময়িকভাবে হেলিকপ্টার অবতরণস্থল হিসেবে ব্যবহার করা হয়। ট্রাম্প, কিয়ার স্টারমার, এমানুয়েল মাখোঁসহ জি-৭ নেতাদের বহনকারী হেলিকপ্টার সেখানেই ওঠানামা করে।

বারবার হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের কারণে মাঠের ঘাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সম্মেলন শেষ হওয়ার পরও মাঠগুলো অনুশীলনের উপযোগী করে তোলা যায়নি।

মাঠের অবস্থা যাচাই করতে ব্রাইটন তাদের কয়েকজন কর্মকর্তাকে ফ্রান্সে পাঠায়। মাঠের অবস্থা দেখে তারা অসন্তোষ প্রকাশ করেন। শেষ পর্যন্ত মাঠ ব্যবহারের অনুপযোগী থাকায় পুরো প্রাক্‌-মৌসুম ক্যাম্পই বাতিল করার সিদ্ধান্ত নেয় ক্লাবটি। ক্যাম্প বাতিল হওয়ায় ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব অ্যানেসির বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচও আর আয়োজন করা সম্ভব হয়নি।

এর পরিবর্তে ব্রাইটন ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের ল্যান্সিংয়ে নিজেদের প্রশিক্ষণকেন্দ্রেই অনুশীলন চালিয়ে যায়। সেখানে দর্শকবিহীন একটি প্রস্তুতি ম্যাচ খেলে দলটি।

তবে পরিকল্পনায় পরিবর্তন এলেও নতুন মৌসুমের প্রস্তুতিতে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছে ব্রাইটন। বিকল্প ব্যবস্থা হিসেবে রোববার অস্ট্রিয়ার উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে দলটির, যেখানে তারা নতুন প্রাক্‌-মৌসুম ক্যাম্প করবে। এরপর স্ট্রাসবুর্গ, রোমা ও বোলোনিয়ার বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রিমিয়ার লিগের ক্লাবটি।