নাইজেরিয়ার কাডুনা রাজ্যে সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৩০

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাডুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) ভোররাতে ওই গ্রামে ঢুকে বন্দুকধারীরা হঠাৎ গুলিবর্ষণ শুরু করে। স্থানীয় বাসিন্দাদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গ্রামপ্রধানের সচিব ডোগন রানা জানান, হামলাকারীরা হঠাৎ এলাকায় প্রবেশ করে নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহতদের মধ্যে অন্তত আটজন শিশু রয়েছে। আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

দেশটির উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য অঞ্চলে সশস্ত্র গ্যাং ও অপরাধী গোষ্ঠীগুলোর এমন সহিংসতা নতুন নয়। প্রায়ই বিভিন্ন গ্রামে এ ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে।

উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম ও আইএসডব্লিউএপির বিদ্রোহ চললেও কাডুনার এই হামলার দায় এখনো কোনো গোষ্ঠী নেয়নি।

স্থানীয় যুবনেতা ইশায়া দাওয়া বলেন, মধ্যরাতে কাউরু এলাকার নারিডন গ্রামে হামলা চালিয়ে বাসিন্দাদের দিকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। কেউ কেউ নির্মমভাবে জবাই হয়েছেন। ইতোমধ্যে কয়েকজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। হামলাকারীরা পালানোর আগে গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে যায়। হামলার কয়েক ঘণ্টা পর সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান বলেছেন, শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সূত্র: রয়টার্স।