চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। তবে মামলার পর ভুক্তভোগীর কাছে এবার ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। টাকা না দিলে আবারও হামলা চালানোর হুমকিও দেওয়া হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন সোমবার (২৭ জুলাই) জানান, মামলা দায়েরের পর সন্ত্রাসীরা ফোন করে চাঁদার পরিমাণ বাড়িয়ে ৫০ লাখ টাকা দাবি করে। একই সঙ্গে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে টাকা না দিলে আরও বড় ধরনের হামলার হুমকি দেওয়া হয়।
তার দাবি, এর আগে ২০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। সেই দাবি প্রত্যাখ্যান করায় রোববার সকালে তার নির্মাণাধীন ভবনে হামলা চালানো হয়।
ঘটনাটি ঘটে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোডসংলগ্ন একটি আবাসিক এলাকায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। হামলায় কিরিচের আঘাতে এক নির্মাণশ্রমিক আহত হন। এছাড়া নিরাপত্তাকর্মীসহ কয়েকজন শ্রমিককে মারধর করা হয়।
https://www.ittefaq.com.bd/800614
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাটহাজারী থানায় মামলা হয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।