পাশে দাঁড়ানো সকলের প্রতি কৃতজ্ঞতা বিউটি রানী পালের

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল ভিডিও প্রকাশকে কেন্দ্র করে সমালোচনা ও সাইবার বুলিংয়ের মুখে পড়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল তার পাশে দাঁড়ানো শিক্ষক, সহকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিউটি রানী পাল বলেন, “স্বাভাবিক ও সুন্দর একটি মুহূর্তের ভিডিওকে বিকৃত দৃষ্টিভঙ্গিতে নেতিবাচকভাবে উপস্থাপন করে আমাকে সাইবার বুলিং করা হচ্ছিল। অনেকে আমাকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন, আমি কৃতজ্ঞ।” 

রিল ভিডিওটি নিয়ে বিতর্কের পর দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক-শিক্ষিকা, সহকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ সামাজিক মাধ্যমে তার প্রতি সংহতি জানান। অনেকেই একই গানের সঙ্গে নিজেদের ভিডিও প্রকাশ করে তার প্রতি সমর্থন জানান। এছাড়া অনেকে ফেসবুকে স্ট্যাটাস লিখেও তার পক্ষে অবস্থান নেন।

সাইবার বুলিং অসহনীয় পর্যায়ে পৌঁছালে গত শুক্রবার ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বিউটি রানী পাল। জিডিতে তিনি অভিযোগ করেন, একটি ফেসবুক আইডি ও একটি ফেসবুক পেজ তার রিল ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করে বিভ্রান্তিকর ও নেতিবাচকভাবে প্রচার করেছে, যা তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

বিউটির প্রতি সংহতি জানানো ব্যক্তিদের দাবি, তার প্রকাশিত ভিডিওতে কোনো অশ্লীল বা অনৈতিক বিষয় ছিল না। তারা মনে করেন, একজন শিক্ষকের ব্যক্তিগত জীবনের স্বাভাবিক একটি মুহূর্তকে কেন্দ্র করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা গ্রহণযোগ্য নয়।

সূত্র: প্রথম আলো