নেত্রকোনার মোহনগঞ্জে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সমির মিয়া (২০) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে থানায় এই লিখিত এজাহার দায়ের করেন।
অভিযুক্ত সমির মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামের রোশন মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়া শেষে ভুক্তভোগী শিশু তার পাঁচ বছর বয়সী ছোট ভাইকে নিয়ে বাড়ি ফিরছিল। পথে সমির মিয়া শিশুটিকে জোরপূর্বক রাস্তার পাশের একটি জঙ্গলে তুলে নিয়ে যান। সেখানে তার পরনের পোশাক খুলে হাত ও মুখ বেঁধে নির্যাতনের চেষ্টা চালান। এ সময় শিশুটির ছোট ভাই বাধা দিলে তাকে মারধর করে ভীতি প্রদর্শন করেন অভিযুক্ত।
পরে দুই শিশুর চিৎকারে আশেপাশের বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্ত সমির দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা উদ্ধার করার পর দেখা যায়, শিশুটির শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পরদিন রোববার শিশুটিকে চিকিৎসার জন্য মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে নিগৃহীত শিশুটির মা থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত সমির মিয়া গা-ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।