এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় দুর্ঘটনা, থেঁতলে গেছে নারীর দুই পা 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক পথচারী নারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই পা থেঁতলে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির চাপায় ওই নারী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

 দুর্ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। এখনো ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।