ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের সব তারকাকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন শীর্ষে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি।
সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে বর্তমানে দুই তারকার অনুসারীর ব্যবধান প্রায় ১০ লাখ।
গত বছর পর্যন্ত পরীমনি ও সাকিবের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। একপর্যায়ে সাকিব আবার এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বাড়িয়ে শীর্ষস্থান দখল করেন পরীমনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরনেও দুই তারকার মধ্যে রয়েছে পার্থক্য। সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়। এর মধ্যে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিসিয়াল পেজ।
অন্যদিকে পরীমনির ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ। তাঁর অনুসরণের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান, টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের অসংখ্য তারকা।
ফেসবুকে অনুসারীর সংখ্যায় শীর্ষস্থান অর্জনের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জনপ্রিয়তার আরেকটি নতুন নজির গড়লেন পরীমনি।