রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে সম্পাদিত কর্মকাণ্ডের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই, তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষে কোনো অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রপতি পদে থাকাকালীন সম্পাদিত কর্মকাণ্ডের জন্য কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষে কেউ কোনো অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
ব্রিফিংয়ে তিনি জানান, সম্প্রতি ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বিদ্যমান বিধি অনুসরণ করেই। তার ভাষ্য, সরকারি চাকরির ২৫ বছর পূর্ণ হলে সরকার প্রয়োজন অনুযায়ী কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।
ডা. জাহেদ উর রহমান বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল দেশের ইতিহাসের সবচেয়ে বড় অপরাধগুলোর একটি। তাই ওই নির্বাচনের ঘটনা তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি বলেন, শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রমে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়ার কারণ নেই।
ব্রিকসে বাংলাদেশের সম্ভাব্য সদস্যপদ প্রসঙ্গে উপদেষ্টা জানান, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশকে আপাতত পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
এদিকে পর্যটন নগরী কক্সবাজারকে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।