ইসলামাবাদে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩–০ সেটে পরাজিত করে ফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে লাল–সবুজের প্রতিনিধিরা।
আজ পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সরাসরি তিন সেটে জয় নিশ্চিত করে। দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়েছে। ফলে আগামীকাল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
এবারের আসরে ফাইনালে ওঠার পথে পাঁচ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। লিগ পর্বে স্বাগতিক পাকিস্তানের কাছে একমাত্র হার ছাড়া উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে পরাজিত করেছেন হরষিত বিশ্বাসরা। টুর্নামেন্টে এই সাফল্যের প্রভাব পড়েছে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও।
আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) নিয়মিত র্যাঙ্কিংভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে না পারায় দীর্ঘ সময় র্যাঙ্কিংয়ের বাইরে ছিল বাংলাদেশ। সবশেষ ২০২৩ সালে ছেলেদের এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নেয় দলটি। সে সময় এফআইভিবি র্যাঙ্কিংয়ে অবস্থান ছিল ১৪৮তম। কাভা চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক জয়ের পর সর্বশেষ হালনাগাদ তালিকায় একলাফে ৭৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
কাভা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একবার শিরোপা জিতেছিল ২০১৬ সালে। ঢাকায় অনুষ্ঠিত ওই আসরে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পুরুষ দল। যদিও সে সময় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল অংশ নেয়নি। এবারও ভারত অনুপস্থিত। চলতি আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।