স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে পরাজয় কখনোই সহজে মেনে নেওয়া যায় না। তবু কিছু হার থাকে, যা প্রতিপক্ষের শ্রেষ্ঠত্বকে আরো উজ্জ্বল করে তোলে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার হার ছিল তেমনই এক অধ্যায়। আবেগের কুয়াশা সরিয়ে ম্যাচের প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের ভিডিও বিশ্লেষক ও কোচ লিওনে স্কালোনির সহকারী মাতিয়াস মানা। তার চোখে, শিরোপা জিতেছে ঠিক সেই দল, যারা মাঠে সবচেয়ে সুন্দর, সবচেয়ে পরিণত এবং সবচেয়ে আধিপত্যপূর্ণ ফুটবল খেলেছে।

বিশ্বকাপের ফাইনাল কখনো শুধু একটি ম্যাচ নয়; এটি ইতিহাসের ক্যানভাসে আঁকা এক অনন্ত ছবি। সেখানে কেউ আনন্দে ভাসে, কেউ অশ্রু লুকায়, আবার কেউ পরাজয়ের ভেতর থেকেও খুঁজে নেয় প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব। উত্তর আমেরিকার বিশ্বকাপের ফাইনাল ছিল তেমনই এক গল্প। যেখানে স্পেনের পায়ের জাদু আর বলের দখলের সামনে বারবার পথ হারিয়েছে আর্জেন্টিনা। গত ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সিতে লুইস দ্য লা ফুয়েন্তের শিষ্যরা পুরো ম্যাচ জুড়ে ছন্দের এক অপূর্ব সমন্বয় ঘুটিয়েছিলেন। বল ছিল তাদের নিয়ন্ত্রণে, খেলার গতি ছিল তাদের হাতে, আর আর্জেন্টিনা বারবার আটকে যাচ্ছিল স্প্যানিশ প্রেসিংয়ের জালে। অতিরিক্ত সময়ে স্প্যানিশদের ১-০ গোলের জয় তাই অনেকের চোখেই ছিল প্রাপ্য পুরস্কার। এবার সেই মূল্যায়ন করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের ভিডিও বিশ্লেষক মাতিয়াস মানা।

এক সাক্ষাৎকারে তিনি জানান, আবেগের নয়, কৌশলের চোখে তিনি ফাইনালটি দুই-তিন বার দেখেছেন। তার মতে, ম্যাচের মূল সময়েই স্পেন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছিল। মানা বলেন, 'আমি ফাইনালটা আরো দুই-তিন বার দেখেছি। ২০২২ সালের ফাইনালেও আমার একই অভিজ্ঞতা হয়েছিল। ঐ ম্যাচের অতিরিক্ত সময় আমি দেখিনি, এবারও দেখিনি। কারণ অতিরিক্ত সময়ে অনেক কিছু ঘটে। ওটা খুব আবেগঘন সময়, সেখানে কৌশলগত দিক ততটা থাকে না। আমি মূলত সেগুলোই বিশ্লেষণ করার চেষ্টা করি। সেখানে স্পেন ছিল অনেক এগিয়ে।”

এই একটি বাক্যেই ধরা পড়ে পুরো ফাইনালের প্রতিচ্ছবি। বলের নিয়ন্ত্রণ, মাঝমাঠের আধিপত্য, নিখুঁত পাসিং আর প্রতিপক্ষকে জায়গা না দেওয়ার কৌশলে স্পেন ছিল এক ধাপ নয়, কয়েক ধাপ এগিয়ে। তবু পরাজয়ের মাঝেও নিজের দলের দর্শনের প্রতি অটুট আস্থা রেখেছেন মানা। তার বিশ্বাস, আর্জেন্টিনার ফুটবল-পরিচয় কোনো একটি হারে বদলে যাবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আর্জেন্টিনা এটা পারে। আর্জেন্টিনার নিজস্ব একটি ফুটবল-ধারা আছে। পাসের মাধ্যমে আক্রমণ গড়ে তোলার একটি নিজস্ব পদ্ধতি আছে। আমি আশা করি, আগামী ১৫ বছর পরও তারা একইভাবে খেলবে। আমাদের যুব পর্যায়ের ছেলেরাও সেই ধারাতেই খেলছে।' এই মন্তব্যে ভবিষ্যতের আর্জেন্টিনার রূপরেখাও যেন স্পষ্ট হয়ে ওঠে। ফল বদলাতে পারে, ট্রফি হাতছাড়া হতে পারে। কিন্তু দর্শন ও ফুটবল-সংস্কৃতি অটুট থাকলেই একটি দল বারবার ফিরে আসতে পারে শিখরে।

বিশ্বকাপ জুড়ে দলের সাফল্যের পেছনে থাকা কোচিং স্টাফ ও ফুটবলারদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মানা, ‘সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশের সর্বোত্তম উপায় হলো নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করা। আমার বিশ্বাস, স্কালোনির নেতৃত্বে কোচিং স্টাফের সবাই সেটাই করেছে। আর খেলোয়াড়রা অসাধারণ একটি দল গড়ে তুলেছে।' ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। কেউ ম্যাচ নিয়ে প্রশ্ন তোলে, কেউ খোঁজে অদৃশ্য ব্যাখ্যা। কিন্তু সেই বিতর্ককে একেবারেই গুরুত্ব দিতে নারাজ আর্জেন্টিনার এই বিশ্লেষক, ‘এ ধরনের বিষয় সাধারণত তখনই ঘটে, যখন কেউ হেরে যায় বা মনে করে, এর পেছনে অন্য কিছু থাকতে পারে। বিশেষ করে এখন সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সবকিছুই মুহূর্তের মধ্যে রেকর্ড হয়ে যায়। কেউ কিছু বললেই সেটিকে সঙ্গে সঙ্গে ভিন্নভাবে ব্যাখ্যা করা শুরু হয়। মাঠে যা হয়েছে, সেটাই হয়েছে। ঐ ম্যাচে যে দল ভালো খেলেছে, তাদের অভিনন্দন জানিয়ে সামনে এগিয়ে যাওয়াই উচিত।'