নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে আবু হানিফ নামে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে ফতুল্লার ইসদাইর মন্দিরসংলগ্ন কামাল হাজীর ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আবু হানিফ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
খবর পেয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজাউর রহমান মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, আবু হানিফ তার বাকপ্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে ইসদাইরের ওই বাসায় ভাড়া থাকতেন। অসুস্থতার কারণে তিনি পাঁচ দিনের ছুটিতে ছিলেন।
পুলিশের ভাষ্য, মঙ্গলবার রাতে বাসার একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
ওসি মাহবুব আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।