দুই বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি বসতবাড়ির মূল ফটকের সামনে থেকে কালো কস্টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টায় কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রাম থেকে সেগুলো উদ্ধার করা হয়।

গাংনী থানার (অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওদাপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে নিজাম উদ্দিন এবং একরামুল হকের ছেলে ইমদাদুল হকের বাড়ির মূল ফটকের সামনে কালো টেপে মোড়ানো দুটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। পরে ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল করিম ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করেন।

ইমদাদুল হকের ছেলে হোসেন জানান, সকালে পরিবারের সদস্যরা বাড়ির সামনে বস্তু দুটি দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে। কে বা কারা এবং কী উদ্দেশে রাতের আঁধারে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা তাদের জানা নেই।

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম বলেন, উদ্ধারকৃত বস্তু দুটি নিরাপত্তার স্বার্থে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এলাকাবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

কাজীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহন আলী বলেন, নওদাপাড়া গ্রামের বিলপাড়ার মো. ইব্রাহিম হোসেনের ছেলে নিজাম উদ্দিন এবং একরামুল হকের ছেলে এমদাদুল হকের বাড়ির মূল ফটকের সামনে কালো কস্টটেপে মোড়ানো দুটি বোমার সাদৃশ্য বস্তু দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।